দুদকের শুভেচ্ছা দূত হলেন সাকিব আল হাসান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে সাকিবকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ শুভেচ্ছা দূত হবার অনুরোধ জানালে জাতীয় দলের এ ক্রিকেটার তা মেনে নেন।

এসময় ইকবাল মাহমুদ বলেন, আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। তাই আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে তরুণদের মাঝে যাবার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, আপনারা-বিশেষ করে আপনি বাংলাদেশকে একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। দেশ ও দেশের তরুণদের কিছু দেয়ার উত্তম সময় এখন আপনার। আপনার কারণে যদি দেশের দশজন তরুণও সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়, সেটাও আমাদের বিশাল পাওয়া।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি আমাদের দেশের মানুষের জন্য একটি লজ্জার বিষয়। এ লজ্জা থেকে মুক্তির জন্যই দুদক কাজ করছে। গত বছর দুর্নীতির সূচকে আমরা দুই ধাপ এগিয়েছি। এর মানে দুর্নীতির বিরুদ্ধে কিছু ইতিবাচক কার্যক্রম হচ্ছে।

সাকিব বলেন, আমরাও চাই দুর্নীতিমুক্ত দেশ। আমরা যখন কোনো দেশের অভিবাসন দপ্তরে আমাদের পাসপোর্ট জমা দেব, তখন তারা যেন মনে করে এ দেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।

দুর্নীতি দমন কমিশনের যেকোনো কর্মসূচিতে তিনি আসবেন বলেও জানান।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা নিশ্চিত।

(এমআইআর/ ১২ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)