রাজশাহী কিংসে মুস্তাফিজ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এতে অংশ নিচ্ছে সাত দল-ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানস, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

এবারের আসর সামনে রেখে এখন রাজধানীর অভিজাত র‌্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে চলছে প্লেয়ার্স ড্রাফট (খেলোয়াড় নিলাম)। এরই মধ্যে অপেক্ষমাণ দেশীয় ক্রিকেটারদের নিলাম শুরু হয়েছে। সাত ফ্রাঞ্চাইজি মালিকদের প্রথম পছন্দের তালিকায় থাকা পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে পেয়েছে রাজশাহী কিংস। ড্রাফটে এ+ ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার ছিলেন তিনি।

বিপিএলের পঞ্চম আসরে বরিশাল বুলসের আইকন খেলোয়াড় ছিলেন মুস্তাফিজ। তবে পাওনা পরিশোধ করতে না পারায় এবং শর্ত লঙ্ঘনের কারণে বরিশালকে এবার অংশ নেয়ার সুযোগ দিচ্ছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। এতে অবিক্রিত থেকে যান কাটার মাস্টার। সবশেষ আনুষ্ঠানিক নিলামে বিক্রি হলেন তিনি। তাকে ৪৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজশাহী।

বাংলাদেশ বোলিং বিস্ময়কে পেতে পাখির চোখ করে ছিল সাত ফ্রাঞ্চাইজিই।

তবে প্লেয়ার্স ড্রাফটে প্রথমে ডাকার সুযোগ হাতছাড়া করেনি রাজশাহী। প্রথমেই আইকনদের বাইরে থাকা সবচেয়ে দামি ক্রিকেটারটিকে নিয়ে নেয় তারা।

এবার নতুন করে দল গোছাচ্ছে রাজশাহী। দলটির আইকন ক্রিকেটার বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এবার যোগ হলেন মুস্তাফিজ।

সঙ্গে রনি তালুকদার, নিহাদুজ্জামান ও অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হোসেনকে নিয়েছে দলটি। তবে কাটার মাস্টারের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, মেহেদী হাসান মিরাজকেও ধরে রেখেছে রাজশাহী।

অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের পর এবার বিপিএলেও পেস ও স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন দুই বন্ধু।

(এমআইআর/ ১৬ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)