বড় তারকা না থাকলেও চমক দেখাতে চায় চিটাগাং ভাইকিংস
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দলে আহামরি বড় কোনো তারকা না থাকলেও বিপিএল ক্রিকেটের এবারের আসরে চমক দেখাবে চিটাগাং ভাইকিংস। অনেকটা তারুণ্য নির্ভর হওয়ায় টিম স্পিরিট ধরে রেখে খেলতে পারলে আসরে বাজিমাৎ করা সম্ভব। দলটির উপদেষ্টা মিনহাজুল আবেদিন নান্নু ও তারকা পেসার তাসকিন আহমেদ এমনটাই মনে করেন।
বিপিএলের সব দলগুলো যখন সিলেটে তাদের ম্যাচ খেলছে। তখন ঢাকায় অনুশীলনে ব্যস্ত চিটাগাং ভাইকিংস। এখনো চা-পাতা, কুঁড়ির অঞ্চল সিলেটের উদ্দেশ্যে পাড়ি জমায়নি তারা।
জাতীয় দলে কিছুটা অফ ফর্মে থাকা সৌম্য সরকার ভাইকিংসের আইকন। দেশীয়দের কোটায় দলে আছেন এনামুল হক বিজয়, আল-আমিন, নাইম ইসলাম, তানভীর হায়দার, তাসকিনদের ক্রিকেটার। বিদেশি কোটায় অতটা ভারি নাম না থাকলেও, রয়েছেন অধিনায়ক মিসবাহ, সিকান্দার রাজা, মুনাবীরা, লুক রঙ্কি’র মতো মাঝারী মানের তারকারা।
নামে, ধারে, ভারে অতটা শক্তিশালী না হলেও সামর্থ্য অনুযায়ী খেলে দারুণ কিছু করতে প্রস্তুত ভাইকিংস। দলের উপদেষ্টা মিনহাজুল আবেদীনের কথায় সেই বোঝা যাচ্ছে। দলের তারকা পেসার তাসকিন আহমেদও সুর মেলালেন নান্নুর সঙ্গে। তারুণ্য নির্ভর দলের সঙ্গে মিসবাহদের মতো অভিজ্ঞরাই আসরে দলকে দেখাবেন সঠিক পথ। এমনটাই জানালেন তিনি।
সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই টাইগার ক্রিকেটারের বিয়ে নিয়ে সামাজিক গণমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। সেই প্রসঙ্গেই গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে একবারে সোজাসাপ্টা উত্তর এই স্পিড স্টারের। ৭ই নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করবে চিটাগাং ভাইকিংস।
(এএইচএন/ ০৫ নভেম্বর, ২০১৭)



