রিয়াদকে রেখেই ওয়ানডে দল ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ স্কোয়াডে দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কলম্বোয় টেস্ট সিরিজের মাঝপথে আচমকা রিয়াদকে বাদ দিয়ে দেশে পাঠানোর খবরে গতকাল পুরো দিনে কম জল ঘোলা হয়নি। দিনভর নাটক শেষে রাতে এ ডানহাতি অলরাউন্ডার নিয়ে গড়া হলো ওয়ানডে দল।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে কলম্বোয় অবস্থান করছে বাংলাদেশ। ওয়ানডে স্কোয়াডের ১২ জনই আছেন সেখানে। তাই ২০ মার্চ ওয়ানডে সিরিজে খেলার জন্য মাশরাফির নেতৃত্বে দেশ ছাড়বেন তিন ক্রিকেটার – শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও সানজামুল।
আগামী ২৫ মার্চ ও ২৮ মার্চ ডাম্বুলায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। ১ এপ্রিল গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান।
(এমআইআর/ ১৪ মার্চ ২০১৭)



