নেইমারের জন্য ব্রাজিল জাতীয় দলের ফুটবলাররা উড়ে আসলেন ফ্রান্সে
বিনিয়োগবার্তা ডেস্ক: আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ক্লাব ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া লাগতো নেইমার ও দানি আলভেজদের। কিন্তু উল্টো ব্রাজিল জাতীয় দলের অন্য ফুটবলাররাই উড়ে আসলেন ফ্রান্সে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেলার সুবাদে নিজ শহরেই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানালেন নেইমার-আলভেজরা।
ফ্রান্সের লিলেতে শুক্রবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। ওই ম্যাচ খেলতে অনুশীলনের জন্য ফ্রান্সে ছুটে গেছে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়রা। সোমবার প্যারিসে বার্সার পাওলিনহো, চেলসির উইলিয়ান আর ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার-আলভেজরা।
২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন নেইমার। অন্যদিকে জুভেন্টাস থেকে ফ্রি অফ ট্রান্সফারে পিএসজিতে আসেন ব্রাজিলিয়ান আরেক তারকা দানি আলভেজ।
শুক্রবার রিও ডি জেনিরোর স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাপানের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
আগামী মঙ্গলবার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে স্বাগত জানাবে ইংল্যান্ড।
( কেএইচকে / ০৭ নভেম্বর ২০১৭ )



