ত্রিদেশীয় সিরিজ: দুপুরে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। ৯ বছর পর আবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দেশের লড়াই। সেবারের মতো এবারো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই সিরিজ।
বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশই। দুই দলের ৬৭ লড়াইয়ের মধ্যে টাইগাররা জিতেছে ৩৯ আর জিম্বাবুয়ে ২৮ বার। বাংলাদেশে সর্বশেষ দুই সফরেই হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশে খেলা ৩৬ ম্যচের ২৫টিতেই হেরেছে জিম্বাবুয়ে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারদিনের টেস্টও হেরেছে। তবে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের সর্বশেষ ওয়ানডে সিরিজে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। আর দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমার তো বলেছেনই বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য তাদের আছে।
বাংলাদেশেরও অনেক কিছু প্রমাণ করার আছে এই সিরিজে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর থেকে জয়বিহীন অবস্থায় ফিরতে হয়েছে। সেই সফরেই পদত্যাগ করা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্বে আছেন। আরেক সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক এখন জিম্বাবুয়ের প্রধান কোচ। মাশরাফিদের খুটিনাটি জানা এই কোচদের দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাও যে একটা চ্যালেঞ্জ টাইগারদের জন্য।
(এমআইআর/ ১৫ জানুয়ারি ২০১৮)



