ওমরাহ করতে যাচ্ছেন মাশরাফি

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: তার চলাচল ও চিন্তাধারা ঠিক অন্য আট-দশজনের মত না। ধর্মীয় চিন্তা-চেতনাও প্রবল। একজন ধর্মপ্রাণ হিসেবে সৃষ্টিকর্তার ওপর মাশরাফির আস্থা, বিশ্বাস ও ভক্তিও যথেষ্ঠ।

সে কারণেই বিনয়টা গড়পড়তা অন্য মানুষের তুলনায় অনেক বেশি। নাম, ডাক,জশ, ক্ষাতি, প্রতিপত্তি, তারকাখ্যাতি আর আকাশছোয়া জনপ্রিয়তা সত্বেও তাই চলাফেরা ও জীবন যাপন একেবারেই সাদামাটা।

মিশুক মাশরাফির কিছু নিজস্ব দর্শন আছে। তার জীবনবোধটা অন্যরকম। কিছু সংস্কার মানেন নিজের মত করে। যেমন জন্মদিন পালন করা নিয়ে তার একটা নিজস্ব দর্শন আছে।

জন্মদিনে আনন্দ, উৎসব হৈ হুল্লোর করা একদমই পছন্দ নয় তার। ঘটা করে নিজের ও সন্তানদের জন্মদিনও পালন করেন না।

বাড়িতে তার নিজের ও দুই সন্তানের জন্মদিনে কেক কাটা, উৎসব-আনন্দ করা এবং অনুষ্ঠান আয়োজন করেন না। বরং সেই দিনে সৃষ্টি কর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করাকেই তার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়।

ধর্ম-কর্মও যতটা সম্ভব নিরবে-নিভৃতে করতে পছন্দ করেন। মাশরাফি ধর্ম-কর্ম কতটা নিরবে করতে চান শুনবেন? তাহলে শুনুন, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব পবিত্র ওমরাহ করতে যাচ্ছেন।

কিন্তু তার ওমরাহ করার খবর সেভাবে জানাজানি হয়নি। কি করে হবে? মাশরাফি একদমই চান না তার ওমরাহ করতে যাবার খবর মিডিয়ায় আসুক।

এমনকি কাছের মানুষদের কাছেও তাই বিষয়টি যতটা সম্ভব আড়াল করে রেখেছেন নড়াইল এক্সপ্রেস।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওমরাহ করতে যাবার খবর যাতে চাওর না হয় সেজন্য যতটা সম্ভব নিরবে-নিভেৃতে মক্কা যাবার প্রস্তুতি নিচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক।

কিন্তু বিনয়ী ও ভিন্ন মানসিকতার মাশরাফি যতই ওমরাহর বিষয়টি গোপন রাখতে চান না কেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার ওমরাহ করতে যাবার খবর কি আর চাপা আছে।

তার আশপাশে সব সময়ই সুহ্রদ ও শুভানুধ্যায়ীর ভীড়। সেখান থেকেই বিষয়টি ছড়িয়ে পড়েছে। আজ (সোমবার) রাতেই ওমরাহ করতে মক্কা যাচ্ছেন মাশরাফি।

এ ব্যাপারে মাশরাফি বলেন, স্রষ্টার সন্তুষ্টির জন্যই মানুষ ওমরাহ করতে যায়। এটা পুণ্য করতে যাওয়া। ঢাক-ঢোল পিটিয়ে যাবারও করার মত কাজ নয়।

এটা একটা ধর্মীয় সংস্কার। যা হৈ চৈ বা ঘটা করে করার চেয়ে আন্তরিক শ্রদ্ধাটাই যেখানে বড়। সেই ধর্মীয় আচার ও কর্ম যতটা সম্ভব নিরবে-নিভৃতে করাই উত্তম।

আমিও আল্লাহর ওয়াস্তে ওমরাহ্‌ করতে যেতে মনস্থির করেছি। একটু আল্লাহর সান্নিধ্য পেতেই যাচ্ছি। আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করবেন।

(এম এস/২৯ জানুয়ারী ২০১৮)


Comment As:

Comment (0)