মুমিনুল-লিটনের ব্যাটিং নৈপুণ্যতায় ড্র চট্টগ্রাম টেস্ট।
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:অবশেষে ড্রয়ের মুখ দেখলো চট্টগ্রাম টেস্ট। চতুর্থ দিনে হতাশায় শেষ করা বাংলাদেশ পঞ্চম দিন কাটিয়েছে লড়াকু মেজাজে। তাই দিনের ১৭ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেন দুই অধিানয়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও দিনেশ চান্ডিমাল।
মুমিনুল হক ও লিটন দাসের জুটি ভাঙলেও স্বাগতিকদের লিড ছাড়ায় শত রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১০০ ওভারে ৫ উইকেটে ৩০৭ রান। মোসাদ্দেক হোসেন ক্রিজে ছিলেন ৮ রানে ও মাহমুদউল্লাহ ২৮ রানে। বাংলাদেশ এগিয়ে ছিল ১০৭ রানে।
এর আগে ৯৪ রানে ফেরেন লিটন দাস। রঙ্গনা হেরাথের বলে ছয় মেরে পূরণ করতে চেয়েছিলেন সেঞ্চুরি। মিড অফে তার ক্যাচ নিতে ভুল করেননি দিলুরুয়ান পেরেরা। তার ৯৪ রানের ইনিংসে ছিল ১১টি চার।
লিটনের আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে প্রথম স্লিপে ধরা পড়েন মুমিনুল। মুমিনুল ফিরেছেন ১০৫ রানে। তার দায়িত্বশীল ১৭৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও দুইটি ছয়। ১৮০ রানের বিশাল এই জুটি ভেঙে দেন ধনঞ্জয়া ডি সিলভা। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া মুমিনুলকে ফেরান সাজঘরে।
আগের দিন হতাশায় মোড়ানো ছিল বাংলাদেশ। টেস্টের ফল নিয়ে চিন্তিত বাংলাদেশের শেষ দিন ভিন্ন ইতিহাস রচনার প্রয়োজন ছিল। সেটা করে দিয়ে গেছেন মুমিনুল হক।
এক সময় ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা বাংলাদেশকে লিডের ভিত্তি গড়ে দিয়েছেন মুমিনুল। আর সেই ভিত্তি গড়তে রেকর্ডবুকটাও নতুন করে লিখেছেন। টানা দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়া ছাড়াও এখন এক টেস্টে সর্বাধিক রানের মালিক এখন মুমিনুল।
এর আগে সকালটা ৩ উইকেটে ৮১ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন বলেই শুরুটা দেখে শুনে করেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক ও লিটন দাস। ধীরে ধীরে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলো এই জুটি। প্রথম সেশনে এই জুটিতে আসে ১০৬ রান।
(এম এস/ ০৪ ফেব্রুয়ারি ২০১৮)



