বাংলাদেশি ক্রিকেটারদের ভরসা ডা. ইয়াং : মাশরাফি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:বাংলাদেশি ক্রিকেটারদের দিনের পর দিন অন্তরালে থেকে ভরসা জুগিয়ে চলেছেন। হাঁটু কিংবা পিঠে সমস্যা হলেই মাশরাফি-তামিম-মোস্তাফিজরা ছুটে গেছেন তার কাছে।
তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াং। ডা. ইয়াংকে বাংলাদেশের ক্রিকেটে অকৃত্রিম বন্ধু বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আমন্ত্রণে তিন দিনের একটি কর্মশালায় অংশ নিতে গত ১ ফেব্রুয়ারি ঢাকায় আসেন ডা. ইয়াং। গত রবিবার শেষ হয় কর্মশালা। ফিরে যাবেন আগামী বুধবার।
তার আগে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মিরপুরে বিসিবির চোট পুর্নাবসন ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের সঙ্গে আলোচনা করেন তিনি।
বরাবরই ডা. ইয়াংয়ের মুগ্ধ ভক্ত মাশরাফি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরেকবার প্রশংসায় ভাসান তার চিকিৎসককে।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের ভরসা ডা. ইয়াং। আমার ছয়টি বড় অস্ত্রোপচার উনার হাত দিয়ে হয়েছে। ওপরে আল্লাহ আছেন, তবে এটা বলতে পারি এখনও যে আমি খেলছি তার উছিলা হয়তো তিনি। তিনিই আমার সব কিছু করেছেন। অস্ত্রোপচারের পর পুনর্বাসন কিভাবে কি করতে হবে সেই দিক নির্দেশনা সব সময় দিয়েছেন।
ডা. ইয়াংয়ের ওপর বাংলাদেশের ক্রিকেটারদের আস্থা কতটা মাশরাফির কথায় মিলল তার আভাস।
এ বিষয়ে তিনি বলেন, এখন এমন একটা অবস্থায় হয়েছে, হাঁটুর চোটের ব্যাপারে অন্য কারো কাছ গেলে তেমন আত্মবিশ্বাস পাওয়া যায় না।
কেবল আমি না, আমাদের অধিকাংশ ক্রিকেটারের হাঁটু ও পিঠের চোটের অস্ত্রোপচার তিনি করেছেন। আমি বলতে পারি, তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন অদৃশ্য বন্ধু। একজন অকৃত্রিম বন্ধু।
একজন পেশাদার চিকিৎসক হিসেবে চোট পাওয়া সব ক্রিকেটারকেই চিকিৎসা দেন ডা. ইয়াং। তবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তার মধ্যে বাড়তি একটা ভালোবাসা দেখতে পান মাশরাফি।
(এম এস/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)



