২৩ বছর পুরোনো রেকর্ড ছুঁলেন মোহাম্মদ সালাহ
বিনিয়োগবার্তা ডেস্ক: এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহ। সালাহর ক্যারিয়ারে কখনো এত উজ্জ্বল সময় আসেনি। রোমা থেকে লিভারপুলে আসা এই ফরোয়ার্ড এই মৌসুমে ৩৫ ম্যাচে করেছেন ২৯ গোল। এর মধ্যে কেবল লিগেই ২৬ ম্যাচে ২২ গোল।
লিগে অনেকটা পথ এখনো বাকি। তবে এরই মধ্যে একটা রেকর্ড সালাহ ভেঙে দিতে চলেছেন। এক মৌসুমে বাঁ পায়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা রবি ফ্লাওয়ারের। এবার ২২ গোলের ১৯টি বাঁ পায়ে করে ২৩ বছর পুরোনো সেই রেকর্ডটা ছুঁলেন সালাহ। আর একটা গোল হলে রেকর্ডটাও হয়ে যাবে তাঁর একার।
(কেএইচকে / ১২ ফেব্রুয়ারি ২০১৮)



