পিএসজিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে বুধবার রাতে ৩-১ গোলে রোনালদোর রিয়াল মাদ্রিদ হারিয়েছে নেইমারের পিএসজিকে। জয়ের নায়ক রোনালদোই। চলতি মৌসুমে যিনি ছিলেন প্রায় টানা নিষ্প্রভ। তবে আসল লড়াইয়ে ঠিকই জ্বলে ওঠেন সিআর সেভেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে ম্যাচটিতে ছিল টান টান উত্তেজনা। ছিল আক্রমণ, পাল্টা-আক্রমণ।

১৪ মিনিটে নাচোকে পেছন থেকে ফাউল করে নেইমার দেখলেন হলুদ কার্ড।
আক্রমণ পাল্টা আক্রমণে শুরুতেই দারুণ জমে ওঠে ম্যাচ। গোলের সুযোগ তৈরি করে দু’দলই৷ তবে রিয়ালকে হতাশ করে এগিয়ে যায় সফরকারীরা। ৩৩তম মিনিটে এমবাপের ক্রস থেকে অরক্ষিত রাবিয়ত গোল করে এগিয়ে দেন প্যারিস সেইন্ট জার্মেইকে।

যদিও প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় রিয়াল৷ ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার শততম গোল৷ ৮৩ মিনিটে পিএসজি গোলরক্ষকের দস্তানা ফেরত বল পুনরায় জালে ঠেলে দেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার রোনালদো৷ ৮৬ মিনিটে মার্কোর পাস থেকে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্সেলো৷

পিএসজির বিরুদ্ধে জোড়া গোলের পর চলতি চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ১১৷ এখন পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা৷ আগামী ৬ মার্চ প্যারিসে ফিরতি লেগের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে দু’দল৷ তবে নিজেদের মাঠে ৩-১ গোলের জয়ে কিছুটা হলেও এগিয়ে থাকলো রিয়াল।

বুধবার শেষ ষোলোর আরেক ম্যাচে পোর্তোকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ‘অল রেড’দের হয়ে হ্যাট্রিক করেছেন সাদিও মানে। একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো।

(এমআইআর/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)