নতুন মাইলফলক স্পর্শ মেসির
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলকে জেতানোর পথে ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।
রোববার রাতে ক্যাম্প ন্যুয়ে ম্যাচের ২৬তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে চমৎকার বাঁকানো ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন মেসি।
মেসির শেষ তিনটি গোলই এসেছে তিনটি ভিন্ন ম্যাচের ফ্রি কিক থেকে। এই মৌসুমে ফ্রি কিক থেকে এখন পর্যন্ত মোট ৫টি গোল করেছেন মেসি যা যেকোন মৌসুমের তুলনায় সর্বোচ্চ।
চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি ২৪তম গোল। স্পেনের শীর্ষ লিগে চলতি মৌসুমের পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সেলোনা ও আর্জেন্টিনা ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৫৩৯ ও দেশের হয়ে ৬১ গোল করেছেন ৩০ বছর বয়সী মেসি।
(আরআর/৫ মার্চ ২০১৮)



