ক্রিকেট বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ১৭ অক্টোবর

বিনিয়োগবার্তা ডেস্ক: ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরটি শুরু হবে আগামী বছরের ৩০ মে। ১৪ জুলাই লর্ডসে টুর্নামেন্টের ফাইনাল। এবার দশ দল খেলবে বিশ্বকাপ।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে। আগামী ১৭ অক্টোবর এটি দেশে আসবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ট্রফি বিভিন্ন দেশে ঘোরানো হয়। এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট থেকে শুরু হবে ‘ট্রফি ট্যুর’।

সাতদিনের বাংলাদেশ সফরে চারটি শহরে থাকবে ট্রফিটি। ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন ঢাকায় এটি প্রদর্শনীর পর ২০ ও ২১ অক্টোবর খুলনা ও সিলেট ঘুরে পৌঁছাবে চট্টগ্রামে। সেখানে ২২ ও ২৩ অক্টোবর প্রদর্শনীর পর শেষ হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর।

আগামীকাল সোমবার দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে শুরু হবে ট্রফির এই লম্বা সফর। এবছরই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি। আইসিসি বিশ্বকাপের ট্রফি সবার আগে যাবে ওমানে। পাঁচটি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহরের ভক্তরা পাবেন ক্রিকেট বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ট্রফি ট্যুর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অংশ হওয়ার অনন্য সুযোগ তৈরি করে দেয় ভক্তদের। আরও অনেক বেশি দেশ ও শহরে গিয়ে এবার আগের চেয়েও বেশি মানুষকে এর অংশীদার করতে যাচ্ছি আমরা।’

(কেএইচকে / ২৬ আগস্ট ২০১৮)


Comment As:

Comment (0)