উয়েফার বর্ষসেরা গোল রোনালদোর বাইসাইকেল কিক

বিনিয়োগবার্তা ডেস্ক: বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই দুর্দান্ত গোলটিই শেষ পর্যন্ত উয়েফার মৌসুমসেরা গোলের স্বীকৃতি পেল। মার্শেই তারকা দিমিত্রি পায়েতকে টপকে এবারের সেরা গোলের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। গতবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চোখ ধাঁধানো ওভারহেড কিকে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে বল জড়ান জুভেন্টাসের জালে। তুরিনে শেষ আটের প্রথম লেগের ওই ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলে রিয়াল জিতেছিল ৩-০ ব্যবধানে।

বার্নাব্যুতে দ্বিতীয় লেগেও দলের একমাত্র গুরুত্বপূর্ণ গোল করেন রোনাল্ডো। রিয়ালকে তিন গোল দিয়ে জুভরা যখন ম্যাচ অতিরিক্ত সময়ে নেয়ার পথে ছিল, তখনই পর্তুগিজ তারকা পেনাল্টি থেকে গোল করে দলকে তোলেন সেমিফাইনালে। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা হয়ে রিয়ালকে টানা তৃতীয় শিরোপা জেতান রোনাল্ডো। ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সঙ্গে এবার সেরা গোলের পুরস্কারও পেলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় সাড়ে তিন লাখ ভোটের মধ্যে দুই লাখ ভোট পেয়েছেন রোনাল্ডো।

তৃতীয় খেলোয়াড় হয়ে এ পুরস্কার জিতলেন রোনাল্ডো। ২০১৫ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার প্রথম দু’বারই ওঠে বার্সা তারকা লিওনেল মেসির হাতে। ২০১৭ সালে সেটা পান জুভেন্টাস স্ট্রাইকার মারিও মানজুকিচ।

(কেএইচকে / ২৯ আগস্ট ২০১৮)


Comment As:

Comment (0)