খাদিজার বোলিং ঘূর্ণিতে পাকিস্তানের শোচনীয় হার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ওয়ানডেতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। খাদিজাতুল কুবরার বোলিং ঘূর্ণিতে শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তান। ৬ উইকেটে জয় পেয়েছে সালমারা। দু’দলেরই এটি প্রথম ওয়ানডে ম্যাচ ছিল।
খাদিজার বোলিং ঘূর্ণিতে মাত্র ৯৪ রানে অলআউট হয়েছে আগে ব্যাট করতে নামা পাকিস্তান। পাঁচ বা তার অধিক উইকেট শিকার করেন খাদিজা
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (০৮ অক্টোবর) মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান।
টস জিতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক জাভেইরা খান। আগে ব্যাট করতে নেমে ৩৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ৯.৫ ওভার বল করে ১ মেডেনে ২০ রানে ৬ উইকেট পেয়েছেন খাদিজা। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচের অধিক উইকেট পেলেন তিনি।
খাদিজার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে ২টি উইকেট পেয়েছেন রুমানা এবং একটি করে উইকেট পেয়েছেন জাহানারা ও লতা।
৯৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সালমারা।
(জেএইচ/ ৮ অক্টোবর ২০১৮)



