আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাভোকে আর দেখা যাবে না
বিনিয়োগবার্তা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
ব্রাভোর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৪ সালে। দেশের হয়ে খেলেছেন ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল। কারণ গত দুই বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।
আজ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্রাভো বলেছেন, ‘আজ আমি নিশ্চিত করতে চাই যে, আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি।’
টেস্টে ৩১.৪২ গড়ে ২২০০ রান করেছেন ব্রাভো। সেঞ্চুরি আছে তিনটি। উইকেট নিয়েছেন ৮৬টি। ওয়ানডেতে ২৯৬৮ রান করেছেন ২৫.৩৬ গড়ে। আর উইকেট নিয়েছেন ১৯৯টি। টি-টোয়েন্টিতে ১১৪২ রানের পাশাপাশি নিয়েছেন ৫২ উইকেট।
(কেএইচকে / ২৫ অক্টোবর ২০১৮)



