রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চিটাগং ভাইকিংস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২৭তম ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। এই নিয়ে ৭ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো চিটাগং। ৮ খেলায় ৪ জয়-হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রাজশাহী।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চিটাগং ভাইকিংস। ব্যাট হাতে রাজশাহীর পক্ষে শুরুটা ভালো করতে পারেননি ওপেনার সৌম্য সরকার ও মার্শাল আইয়ুব।

তবে বড় ইনিংস ঠিকই খেলেছেন আরেক ওপেনার ইংল্যান্ডের লরি ইভান্স। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৭৪ রান করেন তিনি। এছাড়া পরের দিকে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ২০ বলে ৩৬ ও নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট ২০ বলে ২৮ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ পায় রাজশাহী। চিটাগং’এর খালেদ আহমেদ ৩০ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ২৯ রানের মধ্যে ২ উইকেট হারায় চিটাগংও। তবে আরেক ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদকে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠেন অধিনায়ক মুশফিকুর রহিম। শাহজাদ ২৫ রানে থামলেও ব্যাট হাতে অবিচল ছিলেন মুশি।

মাঝে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান কিছুক্ষণ সঙ্গ দিলেও, ছয় নম্বরে নামা মোসাদ্দেক হোসেনকে নিয়ে দলকে দারুন এক জয় এনে দেন মুশফিক। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন মুশফিক। ৪টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে ৪৩ রান করেন মোসাদ্দেক। রাজশাহীর আরাফাত সানি ৩ উইকেট নিয়ে দলের কোন উপকার করতে পারেননি।

(এমআইআর/ ২৪ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)