জার্মান ফুটবল দলের একঝাঁক নতুন মুখ, নতুন চ্যালেঞ্জ

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা : ২০১০ বিশ্বকাপের নায়ক থমাস মুলার এবং দুই কৃতী ডিফেন্ডার জেরোম বোয়াটেং ও ম্যাটস হামেলসকে জার্মানি জাতীয় দলে ভবিষ্যতে খেলার ব্যাপারে স্রেফ ‘না’ বলে দিয়েছেন কোচ জোয়াকিম লুভ। তার দলে ঠাঁই পেয়েছে একঝাঁক নতুন মুখ।
আর এ নতুন জার্মানির চ্যালেঞ্জ শুরু আজ, নিজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণের চ্যালেঞ্জের মুখে লুভও। ইউরো বাছাইপর্বে নামার আগে আজ জার্মানরা প্রীতি ম্যাচ খেলবে সার্বিয়ার বিপক্ষে। ভল্ফসবুর্গের এ ম্যাচ দিয়েই ২০১৯ সালের শুভসূচনা করতে চান লুভ। ম্যাচটি শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে।

লুভ ২০১৮ সালটি খুব তাড়াতাড়ি ভুলে যেতে চান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এরপর উয়েফা নেশন্স লিগেও শীর্ষ স্তর থেকে অবনমন ঘটে চারবারের বিশ্বজয়ীদের। এখন নতুন করে পথচলা শুরু হবে জার্মানির। আগামী রোববার ইউরো ২০২০ বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে মর্যাদার ম্যাচ। ওই ম্যাচটির আগে আজ সার্বিয়ার বিপক্ষে খেলে নিজেদের ঝালাই করে নেবেন লুভের শিষ্যরা।

গত অক্টোবরে আমস্টারডামে ডাচদের কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হতে হয় জার্মানিকে। সামনে সেই অরেঞ্জ আর্মি। প্রতিশোধ নিতে মরিয়া জার্মানরা। ৫৯ বছর বয়সী লুভও প্রমাণ করতে চান, একঝাঁক নতুন মুখ নিয়ে তিনি নতুন এক জার্মানি গড়তে চলেছেন।

মুলার, বোয়াটেং ও হামেলসকে বাদ দিয়ে এক অর্থে জুয়াই খেলেছেন লুভ। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এতে তার ওপর চাপ বেড়েছে বহুগুণ। সোমবার কিকার ম্যাগাজিন লিখেছে, ‘উচ্চ ঝুঁকির জুয়াই খেলতে চলেছেন লুভ।’ নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন জার্মানি কোচ, ‘বিশ্বকাপের পর আমাদের ভাবতে হয়েছে। আমাদের আরো বেশি ত্বরিত, উচ্চাকাঙ্ক্ষী ও বেগবান হতে হবে। বিশ্বকাপে আমরা এর সবই হারিয়ে ফেলেছিলাম এবং আমাদের ম্যাচ সম্পর্কেও যে কেউ পূর্বানুমান করতে পারতেন।’

লুভ দলে ডেকেছেন একেবারেই নতুন তিনজনকে। হার্থা বার্লিনের ২৩ বছর বয়সী ডিফেন্ডার নিকলাস স্টার্ক, ওয়ের্ডার ব্রেমেনের ২২ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমিলান ইগেস্টেইন ও আরবি লিপজিগের ২২ বছর বয়সী ফুল-ব্যাক লুকাস ক্লোস্টারম্যানকে। এছাড়া দলে আছেন ২৩ বছর বয়সী নিকলাস সুয়েলে, ২৪ বছর বয়সী লিওন গোরেত্জকা ও তার সমবয়সী জসুয়া কিমিখ।

সবচেয়ে বিস্ময়কর হলো, ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের মাত্র দুজন টিকে আছেন—রিয়াল মাদ্রিদের টনি ক্রুস আর বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নুয়্যার। বার্সেলোনার মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে নিয়ে অনেক আলোচনা থাকলেও লুভ জানিয়েছেন, নুয়্যারই তার এক নম্বর গোলকিপার।

দুই অভিজ্ঞ ডিফেন্ডারকে বাদ দেয়ার সমালোচনা করে জার্মানির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হলো, সামনে যেন হামেলস, বোয়াটেং আর মুলারের জন্য দরজাটা খোলাই থাকে। তারা প্রত্যেকেই উঁচু মাপের খেলোয়াড়, তাই প্রয়োজনে যেন তাদের পাওয়া যায়, সেটি নিশ্চিত করতে হবে।’ এএফপি

(এস আর/ ২০মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)