পাকিস্তান খেলবে, তাই ভারতের ‘না’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্রীড়াঙ্গনে পাকিস্তানের সঙ্গে রেশারেশি ক্রিকেটের বাইরেও ছড়িয়ে দিচ্ছে ভারত। মোট কথা, পাকিস্তান যেখানে খেলবে, সেখানে খেলবে না ভারত। এ কারণেই মালয়েশিয়ার সুলতান জোহর কাপ হকি থেকে নাম তুলে নিল ভারতীয় হকি দল।
আগামী অক্টোবরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ২০১৫ সালে ভারত চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টে। গত বছর সেমিফাইনালে হেরে গিয়েছিল তারা। অনূর্ধ্ব ২১ বছর বয়সীদের এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে ভারত আসলে পাকিস্তানকেই বাদ দেয়ার জন্য আয়োজকদের ওপর চাপ তৈরি করলো।
দু’দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে নয়, ২০১৪ সালে ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক খেলোয়াড়দের অসভ্য আচরণের দায়ে পাকিস্তান হকি ফেডারেশন এখনও ক্ষমা না চাওয়ায় ভারত নাম প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিল। বারবার হকি ইন্ডিয়া ক্ষমা চাইতে বলছে পাকিস্তান হকি ফেডারেশনকে। তা সত্বেও তারা (পাকিস্তান) মাথা নত করছে না দেখেই এই কঠিন সিদ্ধান্ত নিল ভারত।
কয়েক মাস আগে ভিসা দেরিতে জমা দেওয়ার অজুহাতে পাকিস্তান হকি দলকে লক্ষ্ণৌতে জুনিয়র বিশ্বকাপে আসতে দেয়নি ভারত। সেটা ছিল, ঘুরপথে খেলতে না দেওয়ার কৌশল মাত্র। এবার সরাসরি ভারত নাম তুলে নিল। একই সঙ্গে বিশ্বের হকি খেলা সব দেশকে ভারত পাকিস্তান সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়ে দিল।
প্রশ্ন হচ্ছে, জুনিয়রদের টুর্নামেন্ট সুলতান জোহর কাপ। এখানে খেলার কোনও বাধ্যবাধকতা নেই। আমন্ত্রণমূলক টুর্নামেন্ট বলে নাম তুলে নেওয়া সহজ। চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে পাকিস্তান খেললে ভারত কি খেলবে না? সরাসরি প্রশ্নের জবাব দেননি হকি ইন্ডিয়ার কর্মকর্তারা। হকি ইন্ডিয়ার মুখপাত্র আরপি সিং বলছেন, ‘এটা হকি ইন্ডিয়ার অবস্থান। পাকিস্তান যেখানে খেলবে, সেখানে ভারত খেলবে না। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অবশ্যই ভারতের অবস্থান আবার জানানো হবে। আমরা প্রমাণ করে দিতে পারি, ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পাক খেলোয়াড়রা যা করেছিল, সে জন্য ক্ষমা পর্যন্ত চায়নি। কোনোভাবেই তা ছেড়ে দেওয়া যায় না।’
গতবছর জুনিয়র বিশ্বকাপের সময় পাকিস্তান হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০১৪ সালে তাদের সংস্থার দায়িত্বে যারা ছিলেন, তারা কেউই এখন আর দায়িত্বে নেই। ফলে তখনকার ঘটনা আমাদের জানাও নেই। তাই ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নও উঠে না।’ এখন সুলতান জোহর কাপের মতো জুনিয়র টুর্নামেন্টে ভারতীয় দলের নাম প্রত্যাহার করে আদৌ কি পাকিস্তানকে চাপে ফেলা যাবে?
(ইউএম/ ১৫ এপ্রিল ২০১৭)



