তৃতীয় ম্যাচে আজও নেই সাকিব, ব্যাটিংয়ে হায়দরাবাদ

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকাঃ দ্বিতীয় ম্যাচের মত আজও তৃতীয় ম্যাচে এসে সাকিব আল হাসানকে উপেক্ষা করলো সানরাইজার্স হায়দরাবাদ। বাদ দিলো একাদশ থেকে। তাকে ছাড়াই আজ নিজেদের মাঠ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নেমেছে হায়দরাবাদ । আজ দলের হয়ে অধিনায়কের দায়িত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

বিরাট কোহলির সঙ্গে টস করতে নেমে অবশ্য হারতে হয়েছে ভুবনেশ্বর কুমারকে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন হায়দরাবাদ অধিনায়ককে।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর। কিন্তু ওই ম্যাচে ১৮১ রান করেও জিততে পারেনি হায়দরাবাদ। কারণটা অবশ্যই নেতৃত্বের দুর্বলতা। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের ১৯৮ রান তাড়া করেও জিতেছে উইলিয়ামসন ফেরার কারণে।

কিন্তু আবারও চোটের কারণে খেলতে পারছেন না উইলিয়ামসন। এ কারণে আবারও নেতৃত্বে ভুবনেশ্বর। দুটি পরিবর্তন আনার পরও সুযোগ দেয়া হলো না সাকিবকে। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে নেয়া হয়েছে উইলিয়ামসনের পরিবর্তে। আর শাহবাজ নাদীমের পরিবর্তে দলে নেয়া হয়েছে দীপক হুদাকে।

টস হেরে ব্যাট করার সুযোগ পেলেও ভুবনেশ্বর বললেন, ‘টস জিততে পারলে আমরাও বোলিং নিতাম। কারণ, আগের ম্যাচে রান তাড়া করাটা ছিল পারফেক্ট।’

অন্যদিকে মাত্র ১৬ বছর বয়সী এক ক্রিকেটারকে অভিষেক করাচ্ছে আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রয়াস রায় ব্রাহ্মণ। মাত্র ১৬ বছর ১৫৭ দিনের মাথায় খেলতে নামলেন তিনি। বাদ দেয়া হয়েছে নবদীপ সিয়ানিকে। হায়দরাবাদের উইকেট স্পিন নির্ভর এবং কিছুটা স্লো এ কারণেই প্রয়াস রায়কে নেয়া হয় দলে।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে প্রয়াস রায়ের। মাত্র ৩৮ দিন আগে পশ্চিম বঙ্গের হয়ে মিজোরামের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল প্রয়াস রায়ের।

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারেস্ট (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, মানিশ পান্ডে, মোহাম্মদ নবি, দীপক হুদা, ইউসুফ পাঠান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), রশিদ খান, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলি, এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিবাম দিউবে, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেষ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রয়াস রায় ব্রাহ্মন।

(এস আর/ ৩১মার্চ ২০১৯)


Comment As:

Comment (0)