অবসরে ‘রহস্য স্পিনার’ অজন্তা মেন্ডিস

বিনিয়োগবার্তা ডেস্ক: ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলংকার রহস্যময় ডান-হাতি স্পিনার অজান্থা মেন্ডিস। ২০১৫ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৮ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মেন্ডিস।

আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেই চমক দেখান মেন্ডিস। নিজের অভিষেক বছরেই বল হাতে কারিশমা দেখান তিনি। ২০০৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ১৩ রানে ৬ উইকেট নিয়ে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন মেন্ডিস। ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সের পর টেস্টেও চমক অব্যাহত রাখেন মেন্ডিস। ঐ বছরই ভারতের বিপক্ষেই ঘরের মাঠে টেস্ট অভিষেকের তিন ম্যাচে ২৮টি উইকেট নিয়ে বিশ্বকে চমকে দেন মেন্ডিস।

শুরুতে চমকের পরও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে গেছেন মেন্ডিস। ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারির বিশ্বরেকর্ডও গড়েন তিনি। টেস্ট-ওয়ানডের পর টি-২০ ফরম্যাটেও বল হাতে ভয়ংকর ছিলেন মেন্ডিস। টি-২০তে দু’বার ছয়টি করে উইকেট নেন তিনি। টি-২০ ফরম্যাটে তিনিই প্রথম বোলার এমন কীর্তি গড়েন। পরবর্তীতে ২০০৯ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও হন মেন্ডিস।
তবে ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ও টি-২০ ম্যাচ খেলেন মেন্ডিস। আর পরের বছর ওয়ানডেতে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। এরপর আর জাতীয় দলে সুযোগ হয়নি মেন্ডিসের।

জাতীয় দলের হয়ে ১৯ টেস্টে ৭০টি উইকেট, ৮৭ ওয়ানডেতে ১৫২ উইকেট ও ৩৯টি-২০ ম্যাচে ৬৬টি উইকেট দখল করেন ৩৪ বছর বয়সী মেন্ডিস।

(এমআইআর/ ২৯ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)