সবধরনের ক্রিকেট বয়কটের হুমকি সাকিব-তামিমদের
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে একজোট হয়েছেন সাকিব-তামিম-মুশফিকসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা।
সোমাবর (২১ অক্টোবর) সাকিব আল হাসানের নেতৃত্বে মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা- জমায়েত হয়েছেন মিরপুরে বিসিবির একাডেমি ভবনের সামনে।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে ১১টি দাবি জানান তারা। এসব দাবি না মানলে সবধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।
জানা গেছে, সোমবার সকালে প্রথমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন বিসিবিতে। এরপর বিসিবি একাডেমির সামনে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষ ক্রিকেটারা। সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব-তামিমরা। তবে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা যোগ দেননি।
মাহমুদউল্লাহ বলেন, ‘গত কয়েক বছর ধরে জানেন প্রিমিয়ার লীগের পরিস্থিতি কি। এটা নিয়ে কম বেশি সবাই অসন্তুষ্ট। এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেয়া হয়েছে। খেলোয়াড়দের অনেক লিমিটেশন দেয়া হয়েছে। আগে যেমন ছিল, তেমনটা নেই। খেলোয়াড়রা আগে বাছাই করতে পারতো, কোন দলে খেলবে, পারিশ্রমিক কেমন হবে। আমাদের দাবি হলো আগের মতো যেন প্রিমিয়ার লীগটা ফিরে পাই।’
এ আন্দোলনের বিষয়ে জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এই ধর্মঘটে জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভূক্ত এবং সেটা আজকে থেকে। জাতীয় লীগ থেকে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভূক্ত।’
তিনি আরও বলেন, ‘আলোচনা সাপেক্ষেই অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবো।’
(এসএএম/ ২১ অক্টোবর ২০১৯)



