দাবি মেনে নিয়েছে বিসিবি, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শনিবার থেকে ক্রিকেটাররা মাঠে ফিরবেন বলে জানিয়েছেন।

তবে, ক্রিকেটারদের দাবি অনুযায়ী খেলোয়াড়দের সাথে বোর্ডের আয় ভাগাভাগি নিয়ে কোন আলোচনা হয়নি।

দিনভর একের পর এক নাটকীয় ঘটনার পর, সন্ধ্যার কিছু পরে একে একে ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে আসতে থাকেন।

রাত সাড়ে নয়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও অন্যান্য বোর্ড কর্মকর্তাদের সাথে শুরু হয় ক্রিকেটারদের বৈঠক।

বৈঠক শেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন বলেন, “আমি বেশিরভাগ (দাবিই) কালকেই (মঙ্গলবার) বলেছি মানার মতো।

তবে প্রথমটায় বিসিবির কিছু করণীয় নেই, দুটোর বেশি ফ্র্যাঞ্চাইজি খেলার ব্যাপারে যদি কেউ আসে তাহলে আমরা ভেবে দেখবো। এছাড়া বাকি যে ৯ টা দাবি সেগুলো মেনে নিয়েছি।”

ক্রিকেটারস ওয়েলফেয়ার অফ বাংলাদেশ বা কোয়াব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতার বাইরে বলে জানিয়েছে বোর্ড।

পরবর্তীতে বুধবার যে দুটো দাবি যোগ করা হয়েছে সেগুলো আরো ভেবে চিন্তে বিবেচনা করার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

দাবি মেনে কী বললেন বিসিবি সভাপতি

দিন শেষে নাজমুল হাসান পাপন সংবাদ সম্মলেনের শুরুতে একে একে দাবিগুলো যেভাবে মেটাবেন তা বলতে শুরু করেন।

“পারিশ্রমিক ও ভাতা যেগুলো ছিল ও খেলার সুযোগ সুবিধা এইসব ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করবো না, এটা যে ছয় মাস বা এক বছর পরে তা না, কয়েকদিনের মধ্যে আমরা সমন্বয় করবো।”

“আর খেলার যে অবকাঠামো, সেখানে একসাথে সবগুলো জায়গায় অবকাঠামো নিয়ে কাজ করবো”

তবে রাজস্ব আয়ের ভাগ ও নারী ক্রিকেটারদের পুরুষ ক্রিকেটারদের সমপর্যায়ের সুবিধা দেয়ার দাবির বিষয়ে মিঃ হাসান বলেন, “নতুন দুটি দাবি নিয়ে আলাপ হয়নি। এই আলাপ না করার পেছনে কারণ হচ্ছে লিগ্যাল কিছু আমরা ধরতে চাইনা।”

(এমআইআর/ ২৪ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)