বকেয়া পারিশ্রমিক আদায়ে ঘুরছে বিজেএমসির ফুটবলাররা
বিনিয়োগর্বাতা ডেস্ক ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ফুটবলাররা তাদের বকেয়া পারিশ্রমিক পেতে সোমবার মতিঝিলে বিজেএমসি ভবনে জড়ো হয়েছিলেন গেলো মৌসুমে-এ লিগ খেলা ফুটবলাররা। তাদের দাবি এখনো সব মিলিয়ে ৭০ লাখ টাকা তারা পান প্রতিষ্ঠানটির কাছে। তাদের বকেয়া পারিশ্রমিক না পেলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা ।
বিজেএমসির খেলোয়াড়দের অভিযোগ, তারা প্রিমিয়ার লিগ খেলে চুক্তির ৩১.৫ ভাগ টাকা এখনো পাননি। তারা এ নিয়ে সপ্তমবারের মতো ফুটবলাররা বিজেএমসি ভবনে গিয়ে পাওনার জন্য ধর্ণা দিয়েছেন; কিন্তু কোনো আশ্বাস পাননি।
দলের ম্যানেজার আরিফুল ইসলাম চৌধুরী লিওন বলেছেন,‘আমরা এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করিনি। আমরা যদি কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাই তাহলে আন্দোলনে যাওয়ার বিকল্প নেই।’
দলের সিনিয়র খেলোয়াড় মোবারক হোসেন ভূঁইয়া বলেছেন,‘আমরা গত ৬ মাস ধরে কোনো বেতন পাইনি। এখনো তারা বলে যাচ্ছেন- অপেক্ষা করো। আমার পক্ষে আর অপেক্ষা করা কঠিন। বর্তমান চেয়ারম্যান বলেছেন, তিনি তাড়াতাড়ি বদলি হয়ে যাবেন। নতুন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেছেন। কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারছি না।
( এস আর /০৪ নভেম্বর ২০১৯ )



