বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’ পাশ করার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কয়েকটি ধারায় সংশোধনী এনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’মহান সংসদে পাশ করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার এ কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে ভারতের সাথে টি ২০তে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রীকেট দলকে আন্তরিক অভিনন্দন জানায় এ কমিটি।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’পরীক্ষাপূর্বক রিপোর্ট দানের জন্য গঠিত সাব-কমিটি রিপোর্ট উপস্থাপন করে। কমিটির সদস্যবৃন্দ প্রস্তাবিত বিল ও রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’এর কয়েকটি দফায় সংশোধনীপূর্বক বিলটি মহান জাতীয় সংসদে পাশ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সুপারিশ করে।
বৈঠকে বিকেএসপির বর্তমান সমস্যা সমাধাকল্পে ৫০(পঞ্চাশ) কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ এবং ভবিষ্যত পরিকল্পনা গ্রহণপূর্বক বিকেএসপিকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য স্বয়ংসম্পূর্ণ প্রকল্প গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, বিকেএসপিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৪ নভেম্বর ২০১৯)



