পাপনের অভিযোগ নিয়ে ‘চুপ’ মুমিনুল হক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অধিনায়ক হিসেবে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে মুমিনুল হকের। ভারতের বিপক্ষে তাঁর দল হেরেছে ২-০ ব্যবধানে। ব্যাট হাতেও রান ক্ষরায় আছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অভিযোগ করেছেন, টিম মিটিংয়ে টসে জিতলে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দেখে বড় ধাক্কা খেয়েছেন বলেও জানান তিনি।

বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, দেখুন, আমি তো সামনা সামনি ছিলাম না। আপনাদের যেহেতু বলেছেন, সেই হিসেবে আমার মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় না, এই বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি। আমার মনে হয় না, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারব।

কলকাতা টেস্টে আড়াই দিনেই হেরেছে বাংলাদেশ। দিবা-রাত্রির এই টেস্টে তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ৪৭ মিনিটের মধ্যে। এর ফলে ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। এমন হারের পরও টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করে টেস্ট অধিনায়ক বলেন, টস জিতে আমরা যদি ফিল্ডিং করতাম … ওরা ঠিকই (বড় ইনিংস খেলত)। পরে আমাদের ওই একই চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হতে হতো। লাল বলের চেয়ে নতুন গোলাপি বলে কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। যখন শিশির পড়ে, বল ভেজে, তখন এর মুভমেন্ট অনেক কমে আসে।

( এসআর / ২৫ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)